সিলেবাসভুক্ত ধারাবাহিক শিক্ষাক্রমের পাশাপাশি ছাত্রদের বহুমুখী জ্ঞানার্জন ও জাতির সমকালীন অবস্থা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে অবগতি লাভের জন্য বিভিন্ন বিষয়ের উপর তথ্যবহুল বহু পুস্তকসহ মাসিক, সাপ্তাহিক, দৈনিক পত্রিকা সমৃদ্ধ “সুলতানিয়া পাঠাগার” নামে একটি সমৃদ্ধশালী উন্মুক্ত পাঠাগার রয়েছে। শিক্ষানুরাগী ছাত্ররা নিয়মতান্ত্রিক পড়াশুনার ফাঁকে ফাঁকে স্বীয় অভিরুচি মোতাবেক বই-পুস্তক সংগ্রহ করে যুগোপযোগী বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে সক্ষম হয়।
এই পাঠাগারের পরিচিতি, বৈশিষ্ট্য, ভর্তি ও সম্পৃক্ততার নিয়মাবলির সংক্ষিপ্ত বিবরণ অত্র জামিয়ার ছাত্র সংবিধানের ২৫ নং ধারায় উল্লেখ রয়েছে। যেমন,
১. নিয়ম তান্ত্রিকভাবে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে সদস্য পদ গ্রহণ করা ব্যতীত অত্র পাঠাগারের বই-কিতাব অধ্যয়নের কোন সুযোগ নেই।
২. সকাল ৯.০০ থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত এবং বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত উক্ত সময়ের বাহিরে পাঠাগার কার্যক্রম বন্ধ থাকবে।
৩. পাঠাগারের অভ্যন্তর নিরিবিলি অধ্যয়নের পরিবেশ, অতএব এতে উচ্চ স্বরে আওয়াজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. একাধিক খণ্ড বিশিষ্ট কিতাবগুলো পাঠাগার কক্ষেই অধ্যয়ন করতে হবে।
৫. কাউকে একসাথে একাধিক বই দেয়া হয় না।
৬. পাঠাগার থেকে সংগ্রহকৃত বই ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।
৭. যথা সময়ে বই-কিতাব জমা না দিলে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে।
৮. কোন বই হারিয়ে গেলে বা নষ্ট হলে পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
৯. প্রতি জুমাবার পাঠাগারের কার্যক্রম বন্ধ থাকবে।
১০. বই নেওয়ার সময় সদস্যকে অবশ্যই রেজিস্ট্রার খাতায় দস্তখত করতে হবে।
১১. জামিয়ার যেকোন বিভাগের সর্বস্তরের ছাত্ররা পাঠাগারের নির্ধারিত ভর্তি ফরম পূরণ পূর্বক এতে ভর্তি হতে পারবে।
এই পাঠাগারের পক্ষ হতে প্রতি মাসে একটি করে শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়। ছাত্ররা উক্ত সেমিনারে শিক্ষক মহোদয়গণের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ের উপর প্রস্তুতকৃত প্রবন্ধ পাঠ ও বক্তৃতা উপস্থাপন করে থাকে এবং উত্তীর্ণ ছাত্রদেরকে জামিয়া কর্তৃপক্ষ পুরস্কার প্রদান করে থাকেন।