কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামীনের মহান বাণী ও সর্বশেষ আসমানী কিতাব। মানবতার পথ-নির্দেশক, সকল উলূম ও মা’আরিফ তথা জ্ঞান-বিজ্ঞানের উৎস ও মূল কেন্দ্রবিন্দু। তৃষ্ণার্ত হৃদয়ের অমৃত সুধা। আল্লাহ্ নিজেই তার এই মহান বাণীকে রূহ ও নূর অভিধায় অভিষিক্ত করেছেন। রূহ দ্বারা যেমন জীবনের চাকা ঘোরে, চাঞ্চল্য ও কর্মক্ষমতা আসে, তেমনি কুরআন দ্বারা জীবনের চাকা সঠিক পথে পরিচালিত হয়। এর অবর্তমানে মানুষ নির্জীব লাশে পরিণত হয়। এই অসাধারণ মহাগ্রন্থ আল-কুরআনের তেলাওয়াত, অনুবাদ ও তাফসীরের তা’লীম দেওয়ার জন্য বিশ্বব্যাপী গড়ে উঠেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে কুরআন রিসার্চ করার জন্য বিভিন্ন স্থানে চালু করা হয়েছে “উচ্চতর তাফসীর গবেষণা বিভাগ”।
একবিংশ শতাব্দীর বাংলার মানুষের মাঝে কুরআনের সঠিক জ্ঞান পৌঁছানো ও তাফসীর প্রেমিক তালিবে ইলমের পিপাসা নিবারণের লক্ষ্যে ১৪৩৬ হিজরী মোতাবেক ২০১৫ ঈসায়ী সনে “জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরে” উচ্চতর তাফসীর গবেষণা বিভাগ চালু করা হয়। সূচনাকাল থেকে এ যাবৎ ধারাবাহিকভাবে এ বিভাগ পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর এ বিভাগে তৈরি হচ্ছে কুরআনের সঠিক ব্যাখ্যা ও মর্ম অনুধাবনকারী একদল যোগ্য-দক্ষ মুফাসীরে কুরআন।
উক্ত বিভাগের কার্যক্রম ও বৈশিষ্ট্যসমূহ:
১. যোগ্য ও সুদক্ষ মুফাস্সিরীনে কেরাম দ্বারা পাঠদান।
২. তরজমা বা অনুবাদের প্রণীত নিয়ম-নীতির আলোকে কুরআনের সঠিক অনুবাদ ও মর্ম বোঝার যোগ্যতা অর্জন।
৩. বালাগাত তথা অলংকার শাস্ত্রের সঙ্গে মিল রেখে কুরআনের অর্থ বোঝার যোগ্যতা অর্জন।
৪. উসূলুত তাফসীর ও উলূমুল কুরআনের উপর বিশেষ পাঠদান।
৫. আহকামুল কুরআনের উপর বিশেষ পাঠদান।
৬. কুরআনের তাফসীর সংশ্লিষ্ট ইসরাঈলি বর্ণনার উপর বিশেষ পাঠদান।
৭. উসূলুল হাদীস এবং উসূলুত তাখরীজ এর উপর পাঠদান।
৮. উসূলুল ফিক্বহের উপর বিশেষ জ্ঞানার্জন।
৯. তারাজিমুল মুফাসসিরীনের উপর বিশেষ জ্ঞান অর্জন।
১০. এ’রাবুল কুরআনের উপর জ্ঞানার্জন।
১১. তা’আরুফুল কুতুবের উপর বিশেষ পাঠদান।
১২. কাওয়াইদুল ইমলা এবং আলামাতুত তারকীম এর উপর বিশেষ পাঠদান।
১৩. শিক্ষকদের নিয়মিত তত্ত্বাবধান।
১৪. সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে পড়া-লেখার মানোন্নয়ন যাচাই।
১৫. প্রতিদিন প্রতিটি ক্লাসের সবক গুরুত্বের সাথে আদায় করা।
১৬. সপ্তাহিক, পাক্ষিক ও মাসিক সেমিনারের আয়োজন করা।
১৭. নির্বাচিত বিষয়ের উপর গবেষণামূলক একটি থিসিস (বৃহত্তর গবেষণাপত্র) তৈরি করা।
১৮. কুরআন সুন্নাহ্ অনুযায়ী আমলের প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করা।
বিভাগের লক্ষ্য ও উদ্দেশ্য জ্ঞান-পিপাসু মুসলিম সন্তানদের কুরআন সুন্নাহ্ তথা ইলমে ওহীর শিক্ষায় শিক্ষিত করে পৃথিবীতে একদল যোগ্য ও সংশয়হীন আল্লাহ ওয়ালা তৈরি করা। পাশাপাশি সালফে সালেহীনের নীতিতে দৃঢ়তা অর্জন করা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদা বিশ্বাস অনুযায়ী তাফসীর, হাদীস ও ফিক্বহের সংরক্ষণ করা এবং আল্লাহ তাআলার হুকুমকে সমুন্নত রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এ বিভাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।